মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়-২০২৬’
মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়-২০২৬’। ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে অংশ নেন তিন শতাধিক দৌড়বিদ। আর এই আয়োজন করে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশন।
সকাল ৬টায় রামগড় উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে শুরু হয় পাঁচ কিলোমিটার ম্যারাথন। নির্ধারিত টি-শার্ট ও ক্যাপ পরে বিভিন্ন বয়স ও পেশার অংশগ্রহণকারীরা বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত দৌড়ে ম্যারাথন সম্পন্ন করেন।
ম্যারাথনে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ঢাকা থেকে আগত জাতীয় অ্যাথলেটিক্স প্রশিক্ষক ইমাজ উদ্দিন এবং খাগড়াছড়ির অ্যাথলেটিক্স প্রশিক্ষক জীবন ত্রিপুরা।
আয়োজকদের ভাষ্য, তরুণদের মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিন খাগড়াছড়ি ছাড়াও ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামের দৌঁড়বিদরা এ ম্যারাথনে অংশ নেন।
অংশগ্রহণকারীরা বলেন, রামগড়ে এ ধরনের ম্যারাথন এবারই প্রথম। তাদের মতে, এমন উদ্যোগ মানুষকে খেলাধুলামুখী করার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, গত ১৫ থেকে ২৫ জুলাই পর্যন্ত বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার৩০০ জনের বেশি দৌড়বিদ এ ম্যারাথনে অংশগ্রহণ করেন।
সট: আব্দুল হক মানিক, চেয়ারম্যান, হাজী মো. নুরুল হক ফাউন্ডেশন।
বক্সপপ- অংশগ্রহণকারী।

মন্তব্য করুন