জামায়াত আর ভোট ডাকাত চাইছে না: ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :
ঢাকা-১৫ আসনের সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে এক সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। সমাবেশে তিনি বলেন, “এই দেশে আর ফ্যাসিবাদের কোনো ছায়া দেখতে চাই না। যদি আবারও ফ্যাসিবাদ ফিরে আসে, তবে আগের মতোই তার পরিণতি হবে। জামায়াত আর কোনো ভোট ডাকাতি মেনে নেবে না।”

জনসভায় তিনি আরও বলেন, “দেশে যদি প্রকৃত ইনসাফ থাকত, তাহলে দুর্নীতি ও অর্থপাচার হতো না। আওয়ামী লীগ শাসনামলে ‘আয়নাঘর’ তৈরি করা হয়েছে, যেখানে সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও অনেককে রেহাই দেওয়া হয়নি।”

আমিরে জামায়াত বলেন, “জনগণ এবার গণভোটে ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে মুখিয়ে আছে।” এ সময় তিনি ১০ দলের জোটের ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের হাতে সমন্বিত প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।

ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, “এই এলাকায় মানসম্মত কোনো সরকারি হাসপাতাল নেই, খালগুলো পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।” তিনি জানান, নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের করা এবং অবকাঠামোগত সমস্যার স্থায়ী সমাধানে কাজ করবেন।

তিনি জোর দিয়ে বলেন, “জামায়াত কারও কাছ থেকে চাঁদা নেবে না। আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো এবং গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করবো।”

সমাবেশে ঢাকা-১১ আসনের জোট প্রার্থী নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ আচরণ না করে, তাহলে জনগণ আবারও মাঠে নামতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, “ঋণখেলাপি ও অসৎ প্রার্থীদের মনোনয়ন দেওয়া হলে জনগণ এর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখাবে।”

সমাবেশে ১০ দলের জোটের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।