লক্ষ্মীপুরে বিএনপি নেতার অডিও ভাইরাল, দলীয় পদে ৫০ লাখ টাকা খরচের দাবি
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় বিএনপির স্থানীয় এক নেতার ক্ষোভ প্রকাশের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩ মিনিট ২৫ সেকেন্ডের ওই অডিওতে দলীয় পদ পেতে ৫০ লাখ টাকা খরচ করার কথা বলতে শোনা যায় তাঁকে।
অডিওতে কথা বলতে শোনা যাওয়া ব্যক্তি হলেন রামগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ওরফে পলাশ। তিনি নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়ার সঙ্গে ফোনে কথা বলার সময় ওই ক্ষোভ প্রকাশ করেন।
গতকাল মঙ্গলবার অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া অডিওটির সত্যতা নিশ্চিত করলেও গিয়াস উদ্দিন দাবি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর কণ্ঠ নকল করে অডিওটি তৈরি করা হয়েছে।
ছড়িয়ে পড়া অডিওতে গিয়াস উদ্দিনকে অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় মারুফ ভূঁইয়াকে তিরস্কার করতে শোনা যায়। তিনি বলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার পরও তাঁকে অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়নি, অথচ অন্য একজনকে প্রধান অতিথি করা হয়েছে।
কথোপকথনের একপর্যায়ে গিয়াস উদ্দিন নিজের সাংগঠনিক পদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, তিনি পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ওই পদ পেতে ৫০ লাখ টাকা খরচ করেছেন।
অডিওতে দুই নেতার মধ্যে একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময়ও শোনা যায়।
স্থানীয় নেতা-কর্মীদের ভাষ্য অনুযায়ী, কয়েক মাস আগে স্থানীয় পানিওয়ালা উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করেই বিএনপির দুই নেতার মধ্যে বিরোধের সূত্রপাত।
নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া বলেন, অডিওটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা তাঁর জানা নেই। তবে কথোপকথনটি কয়েক মাস আগের। বিষয়টি তিনি দলের সিনিয়র নেতাদের জানিয়েছিলেন এবং পরে আলোচনার মাধ্যমে তা সমাধান করা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, গিয়াস উদ্দিন তাঁকে দুঃখ প্রকাশও করেছিলেন।
দলের এক জ্যেষ্ঠ নেতার ভাষ্য, ঘটনাটি নিয়ে দুই পক্ষকে নিয়ে বৈঠক করা হয়েছিল। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়।
অন্যদিকে গিয়াস উদ্দিন অডিওটি সম্পূর্ণভাবে অস্বীকার করে দাবি করেন, তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। তিনি জানান, দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর রামগঞ্জ পৌরসভা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভোটের মাধ্যমে শেখ কামরুল কামরুজ্জামান সভাপতি এবং গিয়াস উদ্দিন ওরফে পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মন্তব্য করুন