বরিশাল জজ কোর্টের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার বরিশাল জেলা প্রতিনিধি।।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি আদালতের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বিকট শব্দে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আদালত চত্বরে অবস্থানরত আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার সময় ফটকে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, তারা নিজ নিজ দায়িত্বস্থলে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ককটেল সদৃশ একটি বিস্ফোরক বিস্ফোরিত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ বিস্ফোরকটি সেখানে ফেলে রেখে গিয়েছিল অথবা আগে থেকে পুঁতে রেখেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বরিশাল কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস, আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন, কোতোয়ালি মডেল থানা পুলিশ, মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বরিশাল মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস বলেন, এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কীভাবে ককটেলটি বিস্ফোরিত হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ঘটনার পর আদালত চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে। ককটেল বিস্ফোরণের কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে। বর্তমানে পুরো জায়গা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘিরে রেখেছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন উল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। তবে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিক তিনি জানাতে রাজি হননি।

মন্তব্য করুন