ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

ভোটারদের নির্বাচনী তথ্য জানাকে আরও সহজ ও সহজলভ্য করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা স্মার্টফোনের মাধ্যমেই জানতে পারবেন তাদের ভোটকেন্দ্রের নাম, অবস্থান এবং ভোটিং সিরিয়াল নম্বর।


এই অ্যাপে ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য যেমন—কেন্দ্রের নাম, ঠিকানা, ছবি এবং ম্যাপে সঠিক অবস্থান (জিও লোকেশন) দেখা যাবে। পাশাপাশি ভোটারের বর্তমান অবস্থান থেকে কেন্দ্রের দূরত্ব কত এবং সেখানে যাওয়ার সহজ ও সংক্ষিপ্ত পথ কোনটি, তাও জানা যাবে। ভোট দেওয়ার জন্য নির্ধারিত সিরিয়াল নম্বর আগেই দেখে নেওয়ার সুবিধাও থাকছে।


এ ছাড়া অ্যাপটিতে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও প্রার্থীদের তথ্য, হলফনামাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনী তথ্য পাওয়া যাবে। ভোটগ্রহণ শেষে দ্রুত নির্বাচনী ফলাফলও এই অ্যাপের মাধ্যমেই জানা যাবে।


ব্যবহার পদ্ধতি:

১. গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করতে হবে।

২. ইনস্টল করার পর ভোটারের জন্মতারিখ ও এনআইডি নম্বর ইনপুট দিতে হবে।

৩. তথ্য প্রদান সম্পন্ন হলে স্ক্রিনে ভোটকেন্দ্রের নামসহ প্রয়োজনীয় সব তথ্য প্রদর্শিত হবে।


ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ভোটারদের হয়রানি কমানো এবং নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।