প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূত

Unknown
প্রকাশ :
ভারতে নিযুক্ত তালেবান দূত


২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর এই প্রথমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে একজন জ্যেষ্ঠ আফগান কূটনীতিককে পাঠানো হয়েছে। দিল্লিতে অবস্থিত আফগান মিশনের দায়িত্ব নিতে সম্প্রতি ওই কর্মকর্তার নিয়োগ দেওয়া হয়।

ভারত এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে কূটনৈতিক পর্যায়ে এই নিয়োগকে দুই দেশের সম্পর্কের ধীরে ধীরে অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার টানাপোড়েনকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্ত করতে চাইছে দিল্লি।

আফগান দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নূর আহমদ নূরকে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি ইতোমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন।

সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, উভয় দেশই আফগানিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছে।

এ বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও, আফগান দূতাবাস নূর আহমদ নূরের সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আনন্দ প্রকাশের একটি ছবি প্রকাশ করেছে।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে আফগানিস্তান ধীরে ধীরে বিদেশে অবস্থিত তাদের মিশনগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছে। এই নিয়োগ সেই প্রচেষ্টারই একটি অংশ। উল্লেখযোগ্যভাবে, গত বছরের অক্টোবরে ভারত আফগানিস্তানে তাদের ‘টেকনিক্যাল মিশন’কে পূর্ণাঙ্গ দূতাবাসে রূপান্তরের ঘোষণা দেয়।

বর্তমানে বিশ্বে একমাত্র দেশ হিসেবে রাশিয়াই তালেবান সরকারের প্রতি আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছে।

তথ্যসূত্র: দ্য ডন