দুঃসংবাদ! ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিরসনে সরাসরি আলোচনার নতুন উদ্যোগ আবারও ব্যর্থ হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত ২১ ঘণ্টার উচ্চপর্যায়ের বৈঠকেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ।
রোববার (১২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
শনিবার বিকেলে ইসলামাবাদের সেরেনা হোটেলে ‘ইসলামাবাদ টকস’ নামে এই বৈঠক শুরু হয়। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভ্যান্স। তার সঙ্গে ছিলেন জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। অপরদিকে ইরানের প্রতিনিধিদলে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সুসংবাদ ও দুঃসংবাদ
সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, টানা ২১ ঘণ্টার আলোচনায় গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের সীমারেখা স্পষ্টভাবে তুলে ধরেছে, তবে ইরান তা মেনে নেয়নি।
মূল ইস্যু: পারমাণবিক কর্মসূচি
আলোচনার প্রধান বাধা ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে—এ বিষয়ে নিশ্চিত হওয়া। যদিও কিছু স্থাপনা ধ্বংস করা হয়েছে, তবুও ভবিষ্যতে অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের কাছ থেকে নির্ভরযোগ্য প্রতিশ্রুতি পাওয়া যায়নি।
ইরানের অবস্থান
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় হরমুজ প্রণালি, পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ এবং চলমান সংঘাত বন্ধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় বলেন, তাদের প্রতিনিধিদল জাতীয় স্বার্থ রক্ষায় অটল রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে সরকার জনগণের পাশে থাকবে।

মন্তব্য করুন