সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল সাফল্য

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :
গৌরবোজ্জ্বল সাফল্য

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬-এ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে জানানো হয়, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল) এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২য় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল) নির্বাচিত হয়েছে।

এ ছাড়া আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (স্কুল) এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ ২য় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক মো. আব্দুল বাতেন শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে পুরস্কৃত হন।

এ বছর ১০৯টি বিষয়ে মোট ২৬১টি পুরস্কারের মধ্যে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা ৪৫টি পুরস্কার অর্জন করেন। সেনাবাহিনী জানিয়েছে, এই সাফল্য সংশ্লিষ্ট সবার নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফল এবং ভবিষ্যতেও তারা দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাবে।