'সিন্ডিকেটের গু'লিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি'

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :
মাঝে নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন। ছবি: সংগৃহীত

সিন্ডিকেটের হুমকি ও চাপের মুখে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন (নবীন হাশেমি)। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পাড়ি জমান।


দেশ ছাড়ার বিষয়টি তিনি নিজেই ফেসবুকে নিশ্চিত করেন। বিমানবন্দর থেকে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন,

“সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরব, ইনশাআল্লাহ।”


এর আগে একই দিন বিকেলে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দেশ ছাড়ার ঘোষণা দেন। দোকান বন্ধ করে দেওয়ার প্রতিবাদেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


নবীন হাশেমি অভিযোগ করেন, কয়েকদিন ধরে বিভিন্ন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তাকে বলা হয়েছে, তার কাছে থাকা ভিডিও মুছে ফেলতে, নইলে তার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। ইতোমধ্যে একটি দোকান বন্ধও করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।


তিনি বলেন, প্রবাস জীবন শেষে করোনার সময় দেশে ফিরে ব্যবসা শুরু করেন। তাদের লক্ষ্য ছিল কম দামে ভালো মানের পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া। প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের একটি অংশ গরিব ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হতো।


তিনি আরও জানান, তার প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি, হিজড়া সম্প্রদায় এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা মানুষ কাজ করেন। এ কারণে সরবরাহকারীরাও কম দামে পণ্য দিতেন, ফলে তারা প্রায় ৩০০ টাকায় পাঞ্জাবি ও পাজামা বিক্রি করতে পারতেন।


তার অভিযোগ, পাশের দোকান ‘প্রিন্স’-এর মালিক মাইকেলসহ একটি ব্যবসায়ী সিন্ডিকেট পুলিশকে সঙ্গে নিয়ে তাদের দোকান বন্ধ করে দেয় এবং ক্রেতাদেরও হয়রানি করে। সিন্ডিকেটের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়—এই মার্কেটে ৪,৫০০ টাকার কমে পাঞ্জাবি এবং ১,৫০০ টাকার কমে পাজামা বিক্রি করা যাবে না।


সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, নানা বাধা ও হুমকির মধ্যেও ব্যবসা চালিয়ে গেলেও কোনো সহায়তা পাননি। সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলেই বারবার ভয়ভীতি ও নিপীড়নের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।